গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:- ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ সোমবার দুপুর ১২টার দিকে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।এরপর প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এর আগে, সকাল ১১টায় তেজগাঁও বিমানবন্দর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সাড়ে ১১টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছান।
জানা গেছে, দুপুর ১টায় দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুর ১.৩০ মিনিটে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন। দুপুর ২টায় তিনি ঢাকার উদ্দেশে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।







