সমাবেশ করে ভোট চাওয়ায় মমতাজকে শোকজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ রেমিন সুলতানা তাকে শোকজ করেন।

শোকজ নোটিশে বলা হয়, আপনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ‍নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালিয়ে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি-১২ লঙ্ঘন করেছেন।

এ বিষয়ে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচনী তদন্ত কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

উল্লেখ্য, সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন একটি পৌরসভা, হরিরামপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও মানিকগঞ্জ সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। এই আসনটিতে এনিয়ে টানা তৃতীবার নৌকার মনোনয়ন পেয়েছেন মমতাজ।