বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই এবং এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মালয়েশিয়া থেকে তিন বাংলাদেশি ফিরে আসার বিষয়ে উপদেষ্টা বলেন, “তারা এসেছেন তাদের আসলে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বিধায়।”

মালয়েশিয়া সরকারের দাবি, সেখানে জঙ্গিবাদে জড়িত সন্দেহে কিছু বাংলাদেশি ধরা পড়েছে এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বাংলাদেশে যে কোনো জঙ্গি নেই এটার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজও দিয়েছে। মালয়েশিয়া থেকে যে তিনজন এসেছেন, তাদের আসলে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে।”

তিনি আরও জানান, পুলিশের প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, ওই পাঁচজনের আসা হয়নি এবং তাদের বিষয়ে সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা চলছে। “আমরা তদন্ত করে দেখব,” তিনি যোগ করেন।

বাংলাদেশে কোনো জঙ্গি খুঁজে পাচ্ছেন কিনা—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে বলেন, “বাংলাদেশে এদের (মালয়েশিয়ায় গ্রেপ্তারদের) কোনো সম্পৃক্ততা নেই।”

মালয়েশিয়ার পুলিশপ্রধানের দাবি, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের আইএসের জন্য অর্থ সংগ্রহ করে—এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “সেখানকার আইজিপি কী বলেছেন সেটা আমি জানি না। ওখান থেকে আমরা একটা মেসেজ পেয়েছি, সরকারি পর্যায়ের কোনো অফিসিয়াল মেসেজ পাইনি। আমরা যে মেসেজটা পেয়েছি সেটার বিপরীতে কিন্তু একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী জোর দিয়ে বলেন, “বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। আপনাদের (গণমাধ্যম কর্মীদের) সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। গত ১০ মাসে আপনারা কোনো জঙ্গিবাদের ইনফরমেশন দিতে পেরেছেন? আগে জঙ্গি ছিল আপনারা ইনফরমেশন দিয়েছেন। এখন নেই আপনারা ইনফরমেশন দেন না।”

বিভিন্ন দেশ থেকে আসা তথ্যের কারণে বাংলাদেশের ওপর কোনো ধরনের ‘তকমা’ লাগার ঝুঁকি আছে কিনা—জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পারবে।”
রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে উপদেষ্টা জানান, কৃষি অধিদপ্তরের অধীনে শাকসবজি ও ফলমূল এখান থেকে রপ্তানি করা হয়। তিনি বলেন, “কিছুদিন আগে এনবিআরের একটা সমস্যা ছিল। ওই সমস্যায় আমাদের সবজি ও ফলমূলও বিদেশে এক্সপোর্ট করতে সমস্যা হয়েছিল। আমাদের যারা এসেছিলেন সেসময় তাদেরও কিছু ক্ষতি হয়েছিল।” তিনি আরও জানান, এক্সপোর্ট বেড়ে যাওয়ায় কোল্ড স্টোরেজ আরও বড় করার প্রয়োজন।

উপদেষ্টা জানান, নতুন এক্সপোর্ট টার্মিনালে একটি বড় সুবিধা থাকবে—স্ক্যানিং হওয়ার পর বিমানে মালামাল না যেতে পারলে তখন কোল্ড স্টোরেজে রেখে দেওয়া হবে। তিনি যোগ করেন, “এখানে কোল্ড স্টোরেজটাও আমরা আর একটু বড় করে দিতে চাচ্ছি। আমরা বিভিন্ন পণ্য যাতে এক্সপোর্ট করতে পারি এবং কীভাবে এক্সপোর্ট বৃদ্ধি করা যায় সেই বিষয়ে চিন্তাভাবনা হচ্ছে।”