সাংবাদিক দম্পতি হত্যা রহস্য নিয়ে রাফির ‘অমীমাংসিত’ অবশেষে পাচ্ছে মুক্তি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ বিনোদন

নির্মাতা রায়হান রাফীর আলোচিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। সাংবাদিক দম্পতি হত্যার রহস্য নিয়ে তৈরি এই সিনেমাটি গত বছরের ২৯ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির কথা থাকলেও তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির কারণে তা আটকে গিয়েছিল। তবে প্রায় দেড় বছর পর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়ায় সিনেমাটির মুক্তির পথ খুলেছে।

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর সেন্সর বোর্ড থেকে ‘অমীমাংসিত’ প্রদর্শন উপযোগী নয় বলে চূড়ান্ত রায় দেওয়া হয়েছিল। এরপর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠিত হওয়ার পর সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান পুনরায় আপিল করে। বোর্ডের সদস্যরা ইতিমধ্যেই সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছেন এবং খুব শিগগির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

‘অমীমাংসিত’ সিনেমার শুটিং শুরুর পর থেকেই গুঞ্জন ছিল এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। টিজার প্রকাশের পর এই ধারণা আরও জোরালো হয়। এরপরই তৎকালীন সেন্সর বোর্ড নড়েচড়ে বসে এবং জানিয়ে দেয়, ওটিটি কনটেন্ট হলেও এটি মুক্তির জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র নিতে হবে। দুই দফা দেখার পর গত বছর এপ্রিল মাসে সেন্সর বোর্ড সিনেমাটি প্রদর্শনীর অযোগ্য বলে রায় দেয়।

সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন নির্মাতা, কলাকুশলী এবং সিনেমাসংশ্লিষ্টরা। ওটিটি কনটেন্টের জন্য সেন্সর ছাড়পত্রের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছিল। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সেন্সর বোর্ড বিলুপ্ত করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়। এর ফলে ‘অমীমাংসিত’ সহ আটকে থাকা অন্যান্য সিনেমাগুলো নতুন করে আশার আলো দেখতে পায়। ‘অমীমাংসিত’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়পত্র পাওয়ার জন্য আপিল করলে অবশেষে মুক্তির অনুমতি পায় সিনেমাটি।
‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মের দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।