স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদরের বিরামপুর এলাকার মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সাহসী অবস্থান নেওয়ায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে)-এর সদস্য ও এশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি হাসিবুর রহমান শামীমের বিরুদ্ধে একটি ভুঁইফোড়, অনিবন্ধিত অনলাইন পোর্টালে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন। এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পরিপন্থী উল্লেখ করে ইউনিয়ন নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে সাংবাদিক হাসিবুর রহমান শামীম কোতয়ালী মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে একটি অভিযোগ দায়ের করেছেন।
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এক যৌথ বিবৃতিতে বলেছেন, “সাংবাদিক শামীমের বিরুদ্ধে ভুঁইফোড় অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদটি ডাহা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সংঘবদ্ধ কুচক্রী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এহেন মিথ্যাচার করেছে, যা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী।”
এছাড়াও, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল, এবং উপদেষ্টা একেএম গোলাম সরওয়ার এই ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সাংবাদিক শামীমের কোনো ক্ষতি হলে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন চক্রান্তকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।






