যশোরে উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ হস্তান্তর করলো পুলিশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি (লোকাল ইন্টেলিজেন্স কো-অর্ডিনেশন) যৌথ অভিযানে জুন ও জুলাই ২০২৫ মাসে উদ্ধারকৃত বিপুল সংখ্যক মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে এক অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান। তিনি ভুক্তভোগীদের হাতে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় পুলিশ সুপার রওনক জাহান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মোবাইল ফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে সকলকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, অনলাইন প্রতারণা ঠেকাতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

উদ্ধার ও হস্তান্তরকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ৫২টি মোবাইল ফোন, ৮টি ইমো আইডি ও ১৫টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করা হয়েছে।

এছাড়া, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে, যারা বিভিন্ন অনলাইন প্রতারণার শিকার হয়েছিলেন।

অস্ত্র উদ্ধারপূর্বক একটি মামলা রুজু করা হয়েছে এবং এই ঘটনায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।প্রতারক চক্রকে সনাক্ত করে আশি হাজার টাকা উদ্ধার, ১টি মোটরসাইকেল জব্দ এবং ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোর জেলা পুলিশ সাইবার অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।