স্বাধীন কন্ঠ ডেস্ক
জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন মুক্তেশ্বরী নদী অববাহিকার ক্ষতিগ্রস্ত কৃষক, এলাকাবাসী এবং পরিবেশ আন্দোলনকারীরা। আজ বুধবার (১৩ আগস্ট, ২০২৫) দুপুরে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিটি গ্রহণ করেন খুলনা জেলা প্রশাসক জনাব আজাহারুল ইসলাম। এ সময় ক্ষতিগ্রস্ত কৃষক, এলাকাবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমরেড খন্দকার আজিজুল হক মনি উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, মুক্তেশ্বরী নদী দখল ও দূষণের শিকার হওয়ায় বিল হরিণা সহ আশেপাশের এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে হাজার হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হচ্ছে এবং কৃষকরা ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। নদী দখলমুক্ত করে খনন কাজ শুরু না হলে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
একইসাথে দ্রুততম সময়ের মধ্যে বিল হরিণার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদান শেষে কমরেড খন্দকার আজিজুল হক মনি বলেন, ‘নদী দখলদারদের কারণে আমাদের জীবন-জীবিকা আজ হুমকির মুখে। মুক্তেশ্বরী নদীসহ সব নদী, খাল-বিল রক্ষা করা এখন সময়ের দাবি। নদীখেকোদের রুখতে গণমানুষের সম্মিলিত প্রতিরোধের কোনো বিকল্প নেই।’তিনি সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক জনাব আজাহারুল ইসলাম স্মারকলিপিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, ‘নদী রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিক। আমরা আপনাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করব এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে তা পৌঁছে দেব।’






