সচিবালয়ের ভেতরে-বাইরে কড়া নিরাপত্তা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মহাসমাবেশকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর গেট ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, পাশাপাশি আনা হয়েছে পুলিশের জলকামান।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয় ও জাতীয় প্রেসক্লাব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এ অবস্থা দেখা গেছে।

এদিকে, মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করতে সাতটি নির্দেশনা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। সব মিলিয়ে সচিবালয়ের ভেতরে ও বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

বুধবার সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন তারা। কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকশ শিক্ষক অংশ নেন। আন্দোলনরত শিক্ষকরা বলেন, দাবি আদায় না হলে তারা রাজপথ ছাড়বেন না।

সম্প্রতি জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।

এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানায় ডিএমপি।

সচিবালয়ের ভেতরে নিরাপত্তা জোরদারের নির্দেশনা

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করতে সাতটি নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন বা প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নির্দশনা

১. বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে কোনও ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত বারিত করা হলো।

২ সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনও সভা/সমাবেশ বা কোনও পেশাগত সংগঠন/সমিতির সভা/সম্মেলন/বৈঠক করা যাবে না।

৩. সন্ধ্যা ৬টার পর সচিবালয়ের ভেতরে জরুরি দাফতরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে।

৪. সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনও ছুটির দিনে সচিবালয়ে দাফতরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।

৫. সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে।

৬. সচিবালয়ের অভ্যন্তরের কোনও ভবন বা প্রাঙ্গণে কোনরূপ লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না।

৭. সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি/ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবেন।