স্বাধীন কন্ঠ ডেস্ক
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীতকরণ এবং চার স্তরীয় একাডেমিক পদসোপান তৈরির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, তাদের এন্ট্রিপদ ৯ম গ্রেড পাওয়াটা কোনো দাবি নয়, এটি তাদের অধিকার। তারা জানান, ১৯৭৩ সালে প্রথম পে স্কেলে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটি ষষ্ঠ গ্রেড হিসেবে তালিকাভুক্ত ছিল, কিন্তু ১৯৯৭ সালের আগে অন্যান্য সমযোগ্যতার পদগুলোকে প্রথম শ্রেণির গেজেটেড মর্যাদা দেওয়া হলেও সহকারী শিক্ষকদের এই মর্যাদা দেওয়া হয়নি। ২০১২ সালে এই পদকে গেজেটেড মর্যাদা দেওয়া হলেও তা দ্বিতীয় শ্রেণির (দশম গ্রেড) ছিল।
শিক্ষকরা বলেন, একই নিয়োগ যোগ্যতা (অনার্সসহ মাস্টার্স) থাকা সত্ত্বেও কলেজ শিক্ষকরা নবম গ্রেডে নিয়োগ পান, অথচ মাধ্যমিক শিক্ষকরা বঞ্চিত।
এসময় বক্তারা বলেন, বিসিএস (সাধারণ শিক্ষা) কম্পোজিশন ও ক্যাডার রুলস-১৯৮০ এর মাধ্যমে গঠিত দুটি শাখার মধ্যে কলেজ ও বিদ্যালয় শাখা রয়েছে। একই ক্যাডারের দুটি শাখার শিক্ষকদের নিয়োগ যোগ্যতা একই হলেও মাধ্যমিক শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন। তারা অভিযোগ করেন, পদোন্নতি না পেয়ে অনেক শিক্ষককে সহকারী শিক্ষক হিসেবেই অবসরে যেতে হয়। এই বৈষম্য দূর করতে কলেজের মতো মাধ্যমিক শিক্ষকদের জন্য চার স্তরীয় একাডেমিক পদসোপান চান তারা।
এছাড়া, শিক্ষকরা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের জন্য স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠারও দাবি জানান। তারা বলেন, মাধ্যমিক শিক্ষার পরিচালনায় কর্মকর্তাদের সংখ্যা খুবই নগণ্য।
মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক রাজু বিশ্বাস, নূরে আলম সিদ্দিকী ও নূরুনাহার বেগম, যশোর জেলা স্কুলের শিক্ষক কাজী আজিজুল হক, রিভজী আহমেদ ও সেলিনা হোসেন পান্না প্রমুখ।
শিক্ষকরা সরকারের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে সরকারি মাধ্যমিক শিক্ষাকে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।






