নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশ (ইসি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়। তবে কাজে ব্যস্ত থাকায় প্রধান নির্বাচন কমিশনার এই বৈঠকে উপস্থিত ছিলেন না। ইসি সচিব আখতার আহমেদও জাপানে রয়েছেন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে শেষ করা সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রবি-সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকেও জানাতে হবে। এরপর ফাইনাল করে জানানো হবে।

উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।

প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সভায় আলোচনা শেষে জানানো হয়েছিল ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে ইসি।

গণ-অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেয় এ এম এম নাসির উদ্দিন কমিশন। অন্য নির্বাচন কমিশনাররা হলেন– আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসি সচিব হিসেবে রয়েছেন আখতার আহমেদ।

এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ নানা সংস্কারের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের কাজও চলে। দায়িত্ব নেওয়ার পর থেকে সার্বিক সংস্কার বিবেচনায় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের কর্মপরিকল্পনা ধরে এগোচ্ছে ইসি। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের শুরুতেই ভোটার তালিকা হালনাগাদ করা হয়; যেখানে ভোটার দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখের বেশি। একই ধারাবাহিকতায় ধীরে ধীরে অন্যান্য অনুষঙ্গও চলমান।