স্বাধীন কন্ঠ ডেস্ক
কারিগরি শিক্ষার মানোন্নয়ন, উচ্চশিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে বুধবার (১০ সেপ্টেম্বর, ২০২৫) সকালে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান, ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) যশোর জেলা নির্বাহী কমিটির সভাপতি, ইঞ্জিনিয়ার আবদুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ম্যাকানিক্যাল বিভাগের চিফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার ওলিয়ার রহমান।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হাসিব, সাজ্জাদ, মাশরাফুল ইসলাম রাতুল, মাহিন, স্নিগ্ধা, জুনায়েদ, ইয়াসিন, ইমামুল ও রোমেল।
বক্তারা কারিগরি শিক্ষার প্রসারে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। একইসঙ্গে কারিগরি শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির বাজারে নতুন সুযোগ সৃষ্টি করা এবং তাদের পেশাগত দক্ষতা ও মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, কারিগরি শিক্ষাবিদ এবং পেশাজীবীরা উপস্থিত ছিলেন।







