স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার দুটি পৌরসভা এবং ২১টি ইউনিয়নে পরিচালিত ২৩টি ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে প্রায় ৫০ হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন। এই ক্যাম্পগুলো শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদ এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে।
এই মাসব্যাপী কার্যক্রমটি ৭ আগস্ট শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর চৌগাছার স্বরুপদাহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৩তম ক্যাম্পের মাধ্যমে শেষ হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আকিজ বেকার্স লিমিটেড এই মানবিক উদ্যোগে সহযোগিতা করেছে।
ক্যাম্পে আসা রোগীদের চক্ষু, মেডিসিন, গাইনি, শিশু এবং দাঁতের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুধু ব্যবস্থাপত্রই নয়, রোগীদের প্রয়োজনীয় ডায়াগনোস্টিক পরীক্ষা, বিনামূল্যে ওষুধ এবং চোখ পরীক্ষার পর চশমাও দেওয়া হয়েছে।
প্রায় ১ হাজার রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে, যার ব্যবস্থা করেছে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া, প্রায় আড়াই হাজার রোগী বিনামূল্যে চশমা পেয়েছেন।
আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল রোগীদের ব্যবস্থাপত্র দিয়েছেন। এছাড়া, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা আন্তরিকভাবে এই কাজে সহায়তা করেছেন।
ডা. মোসলেহ উদ্দিন ফরিদ পুরো ক্যাম্পের কার্যক্রম সরাসরি তদারকি করেছেন এবং নিজেও রোগী দেখেছেন। তিনি বলেন, ‘এই ধরনের ক্যাম্পগুলো প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করতে এবং তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সাহায্য করে।’
আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক জানান, ‘আমাদের অভিজ্ঞ মেডিকেল টিম প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পেরে খুবই আনন্দিত।’
ক্যাম্পগুলোতে সব ধর্ম, বর্ণ এবং পেশার মানুষ চিকিৎসা নিতে এসেছিলেন, যেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যসেবা পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
চিকিৎসা সেবার পাশাপাশি, প্রতিটি ক্যাম্পে বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ (বাংলা অনুবাদসহ) বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৭ হাজার কুরআন বিতরণ করা হয়েছে।







