স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বাঘারপাড়া এবং ঝিকরগাছায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এই দুর্ঘটনাগুলো ঘটে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার তীব্রতায় বাসের ভেতর ট্রাকের বাঁশ ঢুকে যায়।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বাসের চালক আক্তার হোসেন (৩৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আবু জাফর এবং নড়াইল জেলার লোহাগড়া থানার উপপরিদর্শক নিক্কন আঢ্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার ভোর ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। যশোরগামী একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘শামীম এন্টারপ্রাইজ’ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক রুহুল কুদ্দুস (৩৮)। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় পুলিশ তদন্ত করছে।







