স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছায় ঐতিহ্যবাহী হাজরাখানা পীর বলুর দেওয়ানের মেলায় নারী সেজে অশ্লীল নাচ ও গান পরিবেশনের অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
ঘটনাটি ঘটে রবিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল মেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন: মো. শামীম হোসেন (২০), লিমন হোসেন (১৯), রিফাত (১৯) এবং সম্রাট হোসেন (২১)। তারা সবাই ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।
আটকের পর চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে শামীম ও লিমনকে পাঁচ দিন এবং রিফাত ও সম্রাটকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
ওসি আনোয়ার হোসেন জানান, মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ শুরু থেকেই কঠোর নজরদারি বজায় রেখেছে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর সমাগম হলেও কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সজাগ রয়েছে।
শত বছরের পুরনো এই মেলাটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এলাকার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং সামাজিক মিলনকেন্দ্র। স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের কঠোর নজরদারির ফলে মেলার ঐতিহ্য ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।






