স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন জেলার ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। আজ সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শতাধিক ক্রীড়া সংগঠক অংশ নেন। তারা অবিলম্বে কাজী এনামকে কমিটি থেকে অপসারণের দাবি জানান। অন্যথায় যশোর ক্রীড়াঙ্গনের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া ক্রীড়া সংগঠকরা জানান, ছয় মাস আগে যশোর ক্রীড়া সংস্থার সাত সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। গত ১১ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৯ সদস্যের নতুন কমিটি পুনর্গঠন করা হয়। এই নতুন কমিটিতে শ্রীনিবাস হালদারের পরিবর্তে বিসিবির সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারা অভিযোগ করেন, কাজী এনাম যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ভাই। শেখ হাসিনা সরকারের আমলে তার ভাইয়ের প্রভাবে তিনি পরপর দুই মেয়াদে বিসিবির পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন। সংগঠকদের মতে, আসন্ন বিসিবি নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ নিতেই এনাম ‘বিশেষ উপায়ে’ অ্যাডহক কমিটির পদ বাগিয়ে নিয়েছেন।
বক্তারা আরও বলেন, জাতীয় ক্রীড়া পরিষদে এখনো কিছু অসাধু ব্যক্তি বিদ্যমান, যারা অন্যায়ভাবে এ ধরনের কার্যক্রমের নেপথ্যে রয়েছেন। তাই অবিলম্বে কাজী এনামকে কমিটি থেকে অপসারণ করতে হবে।







