স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের অভয়নগর উপজেলার নলামারা এলাকায় একটি মাছের ঘেরের পাশ থেকে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাছ চুরি করতে গিয়ে তিনি স্থানীয়দের হামলার শিকার হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ওই ঘেরের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নসিব তালুকদারকে মাছ চোর সন্দেহে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।







