স্বাধীন কন্ঠ ডেস্ক
স্তন ক্যান্সার সচেতনতা বাড়াতে যশোরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ‘আমরা নারী’ এবং এর সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এই কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ ও ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রয় উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের করা হয়। র্যালিতে যশোর সদরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। র্যালি শেষে যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক।
আয়োজকরা জানান, নারীর স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার নিয়ে কাজ করা ‘আমরা নারী’ সংগঠনটি স্তন ক্যান্সার সম্পর্কে প্রাথমিক ধারণা, শনাক্তকরণ ও প্রতিরোধ বিষয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে। তাদের লক্ষ্য, একটি স্বাস্থ্যসচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা।
সাংবাদিক সম্মেলনে তথ্য প্রকাশ
এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে তাঁরা দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করছেন। এই আয়োজনের সহযোগী পার্টনার হিসাবে রয়েছে ‘ইয়াভ ফাউন্ডেশন’।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডা. তৌহিদুর রহমান শাকিল, ইয়াভ ফাউন্ডেশনের উপদেষ্টা নাসিম উদ্দিন খান, চেয়ারম্যান রোহিত রয়, ইয়াভ স্কোয়াডের ইয়ুথ চিফ সাদিয়া সিদ্দিকীসহ প্রান্ত বিশ্বাস, রোহান, জান্নাত, উৎসব এবং ইয়াভ কালচারাল ক্লাবের সভাপতি পরমা শিকদার।







