স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে গর্ভবতী গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে ১৮ হাজার টাকা জরিমানা দিয়েছেন শহরের ধর্মতলার মাংস ব্যবসায়ী নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মতলা এলাকার আলোচিত মাংস ব্যবসায়ী নজরুলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, তিনি একটি গর্ভবতী গরুর মাংস বিক্রি করছেন। এমন গর্ভবতী পশুর মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
অভিযানের সময় বিক্রেতা নজরুলকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিক্রির জন্য রাখা সব মাংস জব্দ করে ধ্বংস করে দেওয়া হয়।
কর্তৃপক্ষ জানায়, এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং জনগণকে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য নিয়মিত অভিযান চালানো হবে।







