স্বাধীন কন্ঠ ডেস্ক
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে বেনাপোলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন। প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।
এতে শার্শা, নাভারণ, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। হাতে ব্যানার নিয়ে তারা সাংবাদিক মনি’র মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। পাশাপাশি শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমকে অবিলম্বে অপসারণের দাবি তোলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনিরুল ইসলাম মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। পেশাগত কারণে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। ওসি কোনো তদন্ত ছাড়াই তাকে আটক করে জেলহাজতে পাঠিয়েছেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিক মনি’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করতে হবে। একটি সাজানো ঘটনাকে ভিত্তি করে হয়রানিমূলকভাবে তাকে কারাগারে পাঠানো হয়েছে, যা অন্যায় ও ভিত্তিহীন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে একটি কুচক্রী মহল তার পরিবারকে দিয়ে মিথ্যা মামলা করায়। পরে পুলিশ কোনো তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।






