অজিত দোভালকে ঢাকায় আসার আমন্ত্রণ ড. খলিলুর রহমানের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।

সাক্ষাৎকালে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু এবং সিএসসি সম্মেলন নিয়ে আলোচনা করেন তারা।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানান, ড. খলিলুর রহমান অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

ড. খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও তার টিমের সঙ্গে বৈঠক করেছেন।

মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের স্বাগত জানাবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল। সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশ নিচ্ছে, অন্যদিকে মালয়েশিয়াকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে মঙ্গলবার রাতে এই আঞ্চলিক ফোরামে যোগ দিতে ড. খলিলুর রহমান নয়াদিল্লি পৌঁছান।

সিএসসির মূল উদ্দেশ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর জন্য সাধারণ উদ্বেগের চ্যালেঞ্জ এবং আন্তদেশীয় হুমকি মোকাবিলা করে আঞ্চলিক নিরাপত্তা প্রচার করা।

ভারত, শ্রীলঙ্কা, মরিশাস ও মালদ্বীপের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) পঞ্চম সদস্য রাষ্ট্র হিসাবে ২০২৪ সালে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছিল। তখনও সেশেলস পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়।