স্বাধীন কন্ঠ ডেস্ক
অবৈধভাবে ভারতীয় বীজ বিক্রয় এবং সারের মজুত ও বিক্রয়ে অনিয়মের দায়ে যশোরের সদর উপজেলার বারিনগর বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল ১০.৩০টা থেকে বিকাল ০২.৩০টা পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।
অভিযানকালে বারিনগর বাজারের দুটি নামকরা প্রতিষ্ঠানে অনিয়ম লক্ষ্য করা যায় এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় জরিমানা করা হয়।
সুজলা বীজ ভান্ডার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রবিন কুমার রায়, যিনি একজন বিএডিসির সার ডিলার। পরিদর্শনকালে দেখা যায়, তার প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে টিএসপি সারের মজুদ থাকা সত্ত্বেও তিনি কৃষকদের মাঝে যথাযথভাবে সার বিক্রি না করে মিথ্যা তথ্য রেজিস্টারভুক্ত করেছেন। এছাড়া, তিনি অবৈধভাবে রড মিনিকেট নামসহ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় বীজ বিক্রির উদ্দেশ্যে গোডাউনজাত করেন। উপরোক্ত অপরাধ করার জন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ মোতাবেক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
সুফলা বীজ ভান্ডার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী স্বপন কুমার দেবনাথ। তিনি অবৈধভাবে রড মিনিকেট নামসহ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় বীজ বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে প্যাকেটজাত করেছেন বলে অভিযানে প্রমাণিত হয়। উক্ত অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ মোতাবেক পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। মোট ০২টি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানকে সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি অফিসার মোছাঃ রাজিয়া সুলতানা, জেলা পুলিশের একটি টিম ও ক্যাব (কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সদস্যরা।
জনস্বার্থে এবং ভেজাল ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের পক্ষ থেকে জানানো হয়েছে।







