স্বাধীন কন্ঠ ডেস্ক
অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের, আসামির বিরুদ্ধে পূর্বেও ৩টি মাদক মামলা রয়েছে।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৫টি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল, ১০টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা এর নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (৩০ নভেম্বর,) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আবুল বাশার-এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল মোঃ আহসান হাবীব এবং ডিবি শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মঞ্জুরুল হক ভূঞা সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নামেন।
ডিবি দলটি কোতোয়ালী মডেল থানাধীন ৪নং নোয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকার মোঃ লিটন গাজী (৩৮)-এর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়ির শয়ন কক্ষের বক্স খাটের মাথার দিকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্র ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ০৫ (পাঁচ) টি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল। ১০ (দশ) টি পিস্তলের ম্যাগজিন। ৫০ (পঞ্চাশ) রাউন্ড পিস্তলের গুলি। ০৪ (চার) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ লিটন গাজী (৩৮)। তিনি মধুগ্রাম, থানা-কোতোয়ালী, জেলা-যশোরের বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, এই আসামির বিরুদ্ধে ইতোপূর্বে আরও ০৩টি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে ধৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।







