অবৈধ ও ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই দোকানে জরিমানা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অবৈধ ও ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রির অভিযোগে যশোরের দুটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সিটি প্লাজার সামনে এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযানটি পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আব্দুর রহমান।

সিটি প্লাজার সামনে অবস্থিত ভোলানাথ স্টোরে অভিযান চালিয়ে পানে খাওয়ার জন্য ক্ষতিকর ‘ছুটিপুটি’ বিক্রি করতে দেখা যায়। এই অপরাধে দোকানটির মালিক অরবিন্দকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এরপর একই সড়কের এস ডি স্টোরে অভিযান চালানো হয়। এই দোকানে ক্ষতিকর রঙ মেশানো এবং সঠিকভাবে ভাজা হয়নি এমন নিম্নমানের শিশু খাদ্য চিপস মজুত পাওয়া যায়। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য বিক্রির দায়ে দোকানটির মালিক জগদীশ পালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব খাদ্যপণ্য দুই দোকান থেকেই জব্দ করা হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, “ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় বাজারে নকল, ভেজাল এবং ক্ষতিকর উপকরণে তৈরি খাবার বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

কর্মকর্তারা কঠোরভাবে সতর্ক করে বলেন, মুনাফার লোভে যেসব অসাধু ব্যবসায়ী জনস্বাস্থ্যের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।