এসময় দুর্নীতিকে স্মার্টনেস মনে করা হচ্ছে-ডিসি যশোর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে যশোরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান মন্তব্য করেছেন যে, “এসময় দুর্নীতিকে স্মার্টনেস মনে করা হচ্ছে।” তিনি তরুণদের ভাবনা জানার গুরুত্ব আরোপ করে দুর্নীতি হ্রাস করতে প্রতিটি নাগরিকের নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের উপর জোর দিয়েছেন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন যশোরের উপ-পরিচালক মো. সালাহউদ্দীন-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য স্লোগান ছিলো ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, আমরা তরুণদের চিন্তা ভাবনা জানার চেষ্টা করেছি। এবারের প্রোগ্রামে সেজন্য তরুণ শিক্ষার্থীদের রাখা হয়েছে।

তিনি বলেন, দুর্নীতি একেবারে নির্মূল করা সম্ভব না। দুর্নীতি একটা পরীক্ষার মত। আমরা অজান্তে দুর্নীতি করতে পারি। ভুলে করতে পারি। এসময় দুর্নীতিকে স্মার্টনেস মনে করা হচ্ছে।

দুর্নীতি কমানোর উপায় হিসেবে তিনি বলেন, নিজেদের দায়িত্ব ঠিকমত পালন করলে দুর্নীতি কমানো সম্ভব। নিজের দায়িত্ব পালন না করাও দুর্নীতি।

জেলা প্রশাসক আরও বলেন, আমরাও নিজেদের মধ্যে আলোচনা করি। নিজ দায়িত্ব ঠিক মত পালন করছি কি না। আমরা চাই একটা মনোযোগী প্রজন্ম তৈরি হোক। আমাদের কাজের মধ্যে সমতা, স্বচ্ছতা ও ন্যায্যতা থাকতে হবে।

এর আগে অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে এদেশের দুর্নীতিকে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, দুর্নীতি, অনিয়ম ও জবাবদিহিতার অভাব তাদের মনে গভীর ক্ষত তৈরি করছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দুর্নীতির কারণে মেধা ও যোগ্যতাকে অস্বীকার করা হচ্ছে। যা একটি স্থিতিশীল সমাজ ব্যবস্থার জন্য অনুকূল নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সিভিল সার্জন মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। অনুষ্ঠানে ধারণা পত্র পাঠ করেন টিআইবির সদস্য ফারহানা ইয়াসমিন।

এর আগে দূূর্নীতি দমন কমিশন যশোরের অফিস চত্বরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটির উদ্বোধন উপলক্ষ্যে বেলুন ফেস্টুন উড়ানো হয়।