স্বাধীন কন্ঠ ডেস্ক
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যশোরে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত শামস উল হুদা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, আনসার, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, স্কাউট দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।







