বিএনপি অতীতের সব তিক্ততা ভুলে যেতে চায় : সালাহউদ্দিন আহমদ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতিবিদরা রাষ্ট্রের চালক হলেও তাদের দিক-নির্দেশনা দেন দেশের সাংবাদিকরাই। একই সঙ্গে তিনি গণমাধ্যমকে পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, বিএনপি অতীতের সব তিক্ততা ভুলে যেতে চায়।

রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দেশের শীর্ষ গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় সালাহউদ্দিন আহমদ প্রতিশ্রুতি দেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিগত ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের কথা মাথায় রেখে গণমাধ্যমকে পূর্ণ সহযোগিতা দেবে।

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সাংবাদিকদের মধ্যে অনেকের অনেক আদর্শে বিশ্বাস থাকতে পারে। কিন্তু দেশের প্রশ্নে যেন নিরপেক্ষ না থাকি, দেশের পক্ষে থাকি। তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেন মজবুত হয়, সেই দিকে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করি।”

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, “কিছু কিছু গণমাধ্যমকে টার্গেট করে হামলা করা হয়। আগে থেকেই টার্গেট করা হয়েছিল। কিন্তু কেন আগে থেকে সাবধান হলাম না! মবোক্রেসি কেন হচ্ছে? আসলে এগুলো সরকারের দুর্বলতা। এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। এই বাংলাদেশে মবোক্রেসি দেখতে চাই না।”

সালাহউদ্দিন আহমদ জানান, দীর্ঘ ১৭-১৮ বছর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাধ্য হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন। তিনি নিজে সাড়ে ৯ বছর নির্বাসনে থাকার কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, “জনগণ আমাদের কাছে যে আশা করে সেই আশাগুলোকে-প্রত্যাশাগুলোকে পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার; সেই নেতা তারেক রহমান।”

তারেক রহমানের প্রত্যাবর্তনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বিএনপির এই নেতা বলেন, “তিনি (তারেক রহমান) আসবেন বলে সাড়া জাতি অপেক্ষমাণ, তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক করার কোনো প্রচেষ্টা আমরা করবো না। এটা আমাদের অঙ্গীকার।”

সালাহউদ্দিন আহমদ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করাকে নিজের জন্য গৌরবের বলে মন্তব্য করেন।

মতবিনিময় সভায় দেশের শীর্ষ গণমাধ্যমগুলোর সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ‘তারেক রহমান–স্বদেশ প্রত্যাবর্তন কমিটি’র আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।