স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার কোতয়ালী থানাধীন চুড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন।
নিহতের নাম পলাশ (৩৪)। তিনি মেলোর ছেলে এবং জগহাটি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে চৌগাছা থানাধীন শলুয়া কলেজের সামনে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। রফিকুল ইসলাম তবজেলের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
এ ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় জনগণ হামলাকারী সন্দেহে পলাশকে আটক করে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। খবর পেয়ে কোতয়ালী মডেল থানার একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে পলাশকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহত পলাশের মরদেহ পরবর্তী আইনগত কার্যক্রম ও ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।







