স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি ও টহল তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকা ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ এই নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে।
বিজিবি জানায়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী বা স্বার্থান্বেষী মহল যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে লক্ষ্যে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ উদ্দেশ্যে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি চালানো হচ্ছে।
একই সঙ্গে সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা কোনো ধরনের নাশকতার আশঙ্কা রোধে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও জানান, নির্বাচনের দিন পর্যন্ত এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।







