স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন ও যশোর সফরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উৎসবের আমেজ শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তিনি যশোরে আসছেন—এমন আনুষ্ঠানিক ঘোষণায় জেলাজুড়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।
এই ঐতিহাসিক জনসভাকে সফল করতে এবং প্রস্তুতির তদারকি করতে আজ শুক্রবার সকালে প্রস্তাবিত সমাবেশ উপশহর ডিগ্রি কলেজ মাঠ পরিদর্শন করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর সদর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদীয় প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তার সাথে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুক্রবার সকালে অনিন্দ্য ইসলাম অমিত দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তাবিত জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠের ধারণক্ষমতা, মঞ্চ তৈরির স্থান এবং জনসভায় আগত নেতাকর্মীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকি বাচ্চু, বিএনপি নেতা মিজানুর রহমান খান, আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানাসহ নেতৃবৃন্দ।







