নড়াইল ও যশোরে নির্বাচনী নিরাপত্তায় বিজিবি মোতায়েন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল ও যশোর জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যশোর ব্যাটালিয়ন পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। এ ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট তিনটি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩০ দশমিক ৭ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে প্রথম ধাপে গত ২৯ জানুয়ারি গোপালগঞ্জ জেলার তিনটি আসনে ৮ দশমিক ৭ প্লাটুন এবং যশোর জেলার চারটি আসনে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার নড়াইল জেলার দুইটি আসনে ৫ দশমিক ৫ প্লাটুন এবং যশোর জেলার দুইটি আসনে ২ দশমিক ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচনী নিরাপত্তা জোরদারে দায়িত্বপূর্ণ এলাকায় ৭০টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও কেন্দ্র রেকি কার্যক্রম চলছে।
বিজিবি সূত্র জানায়, নির্বাচন চলাকালীন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে বাহিনীটি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে।
যশোর ব্যাটালিয়ন আশা প্রকাশ করে জানিয়েছে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।