করোনা মোকাবিলায় নতুন ২টি চিকিৎসার অনুমোদন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- করোনাভাইরাস মোকাবিলায় নতুন করে দুটি চিকিৎসার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।গুরুতর অসুস্থতা ও মুত্যুঝুঁকি কমাতে শুক্রবার সংস্থাটি এই চিকিৎসাপদ্ধতিগুলোর অনুমোদন দেয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

ব্রিটিশ মেডিক্যাল জার্নাল-বিএমজে-এর এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, করোনায় গুরুতর অসুস্থ রোগীদের কর্টিকসটারয়েডস নামে একটি ওষুধের সঙ্গে আর্থ্রাইটিসের ওষুধ বারিসিটিনিব প্রয়োগ করলে ভেন্টিলেশনে নেওয়ার ঝুঁকি অনেক কমে যায়। মৃত্যুর ঝুঁকিও কমে।

যারা বয়স্ক, রোগ প্রতিরোধক্ষমতা কম কিংবা ডায়াবেটিসের মতো কোনো রোগে ভুগছেন, তাদের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমাতে বিশেষজ্ঞরা সিনথেটিক অ্যান্টিবডি চিকিৎসাপদ্ধতি সট্রোভিম্যাবের সুপারিশ করেছেন।

তবে করোনা সংক্রমিত যাদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ঝুঁকি কম, তাদের ক্ষেত্রে সট্রোভিমাব প্রয়োগের খুব বেশি প্রয়োজন আছে বলে মনে করা হয় না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অমিক্রনের মতো করোনার নতুন ধরনের বিরুদ্ধে এটি কতটা কার্যকর, তা এখনো অনিশ্চিত।গুরুতর অসুস্থতা ও মৃত্যু প্রতিরোধ করতে টিকার পাশাপাশি নতুন এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা যাবে।

বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন ধরনে সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার ক্রমশ বাড়ছে। ডব্লিউএইচও আশঙ্কা করছে, আগামী মার্চ মাসের মধ্যে ইউরোপের অর্ধেক মানুষ করোনা সংক্রমিত হবে।