স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের অভয়নগর উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ রাকিবুল সরদার (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক রাকিবুল ওই এলাকার বাসিন্দা।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল রাকিবুলের বাড়িতে অভিযান চালায়। আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি শর্টগান ব্যারেল, একটি পিস্তলের ম্যাগাজিন, ৩২ রাউন্ড তাজা পিস্তলের গুলি, একটি শর্টগান বুলেট, ২৪টি শর্টগানের খালি কার্তুজ ও ৯টি পিস্তলের খালি কার্তুজ উদ্ধার করা হয়।
এছাড়াও উদ্ধার করা হয়েছে ৪টি চাকু, ১টি কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র, ৩টি পাসপোর্ট, ২টি স্মার্টফোন, ১৩টি জাতীয় পরিচয়পত্র, ৬টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড এবং ইয়াবা সেবনের ৩টি সরঞ্জাম।
এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র ও গোলাবারুদ নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।







