যশোর-৩ আসনের ভোটারদের তথ্য পেতে চালু হলো মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কণ্ঠ ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ভোটারদের হাতের নাগালে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে একটি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট চালু করা হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটাররা এখন থেকে www.vote4anindaislamamit.com ওয়েবসাইট এবং ‘Smart Voter Info BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের ভোটকেন্দ্র, ভোটার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সহজেই জানতে পারবেন। অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে জন্ম তারিখ এবং ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড নম্বর দিয়ে সার্চ করলেই ব্যক্তিগত ভোটার স্লিপ পাওয়া যাবে।

এ সময় যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “প্রযুক্তির এই যুগে ভোটারদের হয়রানি কমাতে এবং দ্রুত সঠিক তথ্য নিশ্চিত করতে এই উদ্যোগ একটি মাইলফলক। এর মাধ্যমে ভোটাররা কোনো ঝামেলা ছাড়াই তাদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রার্থীর সহোদর ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।