বাঘারপাড়ায় ১৪৪ ধারা প্রত্যাহার, পরিস্থিতি শান্ত
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বাঘারপাড়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা নিরসনে জারি করা ১৪৪ ধারা আজ বিকেল সাড়ে ৩টায় প্রত্যাহার করা হয়েছে। একই স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র দুই পক্ষ পৃথক সমাবেশের ডাক দেওয়ায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করেন। প্রশাসন সূত্রে জানা যায়, বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তা ও তৎসংলগ্ন এলাকা, উপজেলা মোড় এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল।
ইউএনও ভুপালী সরকার জানান, একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘোষণার কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
প্রশাসনের দাবি, নিষেধাজ্ঞা চলাকালে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



























