স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে মুক্তিপণের দাবিতে জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড় এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
অপহৃত জাহাঙ্গীর আলম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে। তিনি বর্তমানে যশোর শহরের ধর্মতলা এলাকায় সপরিবারে বসবাস করেন এবং খোলাডাঙ্গা কদমতলা এলাকায় তার ওষুধের ব্যবসা রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে দোকান বন্ধ করে নিজস্ব পালসার মোটরসাইকেলে করে তিনি বাসায় ফিরছিলেন। পথে রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকারে আসা কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
অপহরণের কিছু সময় পর রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১৮-৮০২৬৪৭) থেকে তার স্ত্রী রেশমা খাতুনের ফোনে কল করা হয়। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ১ কোটি টাকা দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি প্রদান করে।
এ ঘটনায় মঙ্গলবার (৩ মার্চ) সকালে ভুক্তভোগীর স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ইনস্পেকটর (তদন্ত) কাজী বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান শুরু করেছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।
