বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলনির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. ফরিদ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. ফরিদ

স্বাধীন কন্ঠ ডেস্ক

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। শনিবার তিনি ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করে পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সহায়তা প্রদান করেন।

সকালে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গিয়ে তিনি সরাসরি মানুষের উঠানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন। এ সময় ঝিকরগাছার ১০০টি ও চৌগাছার ৫০টি পরিবারসহ মোট ১৫০টি পরিবারের হাতে প্রায় ৩ হাজার টাকা সমমূল্যের খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।

স্থানীয়রা জানান, নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়ে অনেক পরিবার আতঙ্ক ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিল। এমপিকে নিজ বাড়ির আঙিনায় এসে পাশে দাঁড়াতে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, ভোট দেওয়া একজন নাগরিকের মৌলিক অধিকার। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কারণে কারও ওপর হামলা বা সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, “আমি চাই আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষ যেন পরিবার-পরিজন নিয়ে নিরাপদে নিজ ঘরে বসবাস করতে পারে। আমরা এই জনপদকে শান্তির জনপদে পরিণত করতে চাই।”

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা শান্তিকামী মানুষের ওপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

ডা. ফরিদ আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ সহায়তা কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসন উদ্যোগ শুরু হয়েছে। তারা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়