এমএম কলেজে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার’ কর্মসূচি পালিত
স্বাধীন কণ্ঠ ডেস্ক
বাংলাদেশ ছাত্রদল যশোর সরকারি মাইকেল মধুসূদন(এমএম) কলেজ শাখার উদ্যোগে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার’ শীর্ষক এক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সাপ্তাহিক ছুটির দিনে কলেজ ক্যাম্পাস এলাকায় এ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা ও স্থানীয় নেতৃত্বের দিকনির্দেশনায় ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ উন্নত করতে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের কাদাযুক্ত ড্রেন, ঝোপঝাড় ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতা অভিযানটি ক্যাম্পাসের শহীদ আসাদ হল প্রাঙ্গণ থেকে শুরু হয়। এতে নেতৃত্ব দেন এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু এবং সাধারণ সম্পাদক আকিব আনোয়ার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি লিটন তরফদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালে জাহিদুল ইসলাম বিল্টু বলেন, ‘একটি সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস শুধু চোখের প্রশান্তিই দেয় না, বরং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা ও শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করে। ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি সবুজ ও নান্দনিক ক্যাম্পাস গঠনে কাজ করতে বদ্ধপরিকর।’























