স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ফেন্সিডিল জাতীয় সিরাপ, চোলাই মদ ও গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ৩৫ বোতল সিরাপ, ১০ লিটার চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজা। বুধবার দিনব্যাপী জেলার চৌগাছা উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সকালে চৌগাছা পৌরসভার কংশারীপুর মধ্যপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ৩৫ বোতল সিরাপসহ হোচেন আলী (৪৬) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একই দিনে সকাল সাড়ে ১০টার দিকে সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া খালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ আক্তার হোসেন (৪৪) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, দুপুরে চৌগাছার চানপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোমিন (৩৫), নজরুল ইসলাম (৩৫), ইজাজুল বিশ্বাস (৫০) ও কামরুল ইসলাম (৫৫)। প্রত্যেকের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
