স্বাধীন কন্ঠ ডেস্ক
নড়াইলে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদ সরদারকে হত্যার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সুজাত আলীকে যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার সুজাত আলী নড়াইল সদর উপজেলার পড়লী দক্ষিপাড়া এলাকার বাসিন্দা।
রোববার এক সংবাদ সম্মেলনে র্যাব যশোরের অধিনায়ক এটিএম ফজলে রাব্বি জানান, চাঞ্চল্যকর এই ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতারে অনুসন্ধান শুরু করা হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এরপর ভোর ৪টা ৩৫ মিনিটে অভিযান চালিয়ে সুজাত আলীকে গ্রেফতার করা হয়। অপর অভিযুক্ত জহুরকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, নড়াইল-যশোর মহাসড়কের পাশে অবস্থিত তানভীর ফিলিং স্টেশনে শনিবার দিবাগত রাতে ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর ডিজেল নিতে যান। কিন্তু তেলের মজুদ শেষ হওয়ায় ব্যবস্থাপক নাহিদ সরদার তাদের তেল দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে একপর্যায়ে জহুর প্রকাশ্যে নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন। পরবর্তীতে রাত প্রায় ২টার দিকে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে ট্রাক তাদের মোটরসাইকেলের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
