স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর কোতোয়ালি মডেল থানার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজা বেগম সীতারামপুর গ্রামের বাসিন্দা এবং শাহাদাত শিকদারের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় তিনি নিজ বসতবাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে হাফিজুর সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছেন বলে জানা গেছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
