স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪৫ বোতল অবৈধ মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার সকালে ডিবি যশোরের একটি চৌকস টিম চৌগাছা উপজেলার ৮নং হাকিমপুর ইউনিয়নের দেবীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চৌগাছা-কোটচাঁদপুর সড়কের উপর মেসার্স জাহিদ ট্রেডার্সের সামনে থেকে রিপন আলী (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক রিপন আলী চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আটক রিপন আলীর হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল অবৈধ স্কাপ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপ মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে একই দিন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
