সোমবার, এপ্রিল ৬, ২০২৬
Homeআদালতযশোরে যুগ্ম জেলা ও দায়রা জজের বিরুদ্ধে আদালতে মামলা, বাদী আটক

যশোরে যুগ্ম জেলা ও দায়রা জজের বিরুদ্ধে আদালতে মামলা, বাদী আটক

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) রাশেদুর রহমানের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার শহরের কাজীপাড়ার আব্দুল আজিজ সড়কের বাসিন্দা মৃত মুন্সী আব্দুল আলীমের ছেলে শরিফুর আলম বাদী হয়ে এ মামলা করেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস।

এদিকে মামলার বাদী শরিফুর আলমের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে আদালতের সামনের রাস্তা থেকে আটক করে নিয়ে যায়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর।

মামলার অভিযোগে জানা গেছে, আইন বহির্ভূত আদেশ প্রদান, আইনজীবীদের সঙ্গে অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত ৪ মার্চ যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর থেকে সংশ্লিষ্ট আদালতের কার্যক্রম আইনজীবীদের অনুপস্থিতিতেই পরিচালিত হয়ে আসছে।

বাদীর দাবি, তার একটি মামলা ওই আদালতে বিচারাধীন রয়েছে। গত ৩০ মার্চ আদালত বর্জনের কারণে তিনি নিজেই আদালতে হাজির হয়ে সময় প্রার্থনা করেন। কিন্তু বিচারক তার আবেদন নামঞ্জুর করে একতরফাভাবে বক্তব্য গ্রহণ করেন এবং বিবাদীর অনুপস্থিতি উল্লেখ করে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে যুক্তিতর্কের দিন নির্ধারণ করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, বিচারক রাশেদুর রহমান বিচারাধীন একাধিক মামলায় ক্ষমতার অপব্যবহার করে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, যা দুর্নীতি প্রতিরোধ আইনের লঙ্ঘন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়