স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে তা জনসম্মুখে বিনষ্ট করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে অপু ঘোষের দুধের কারখানায় ভেজাল দুধ উৎপাদনের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গোবিন্দ ঘোষের কারখানায় দুধে পানি মিশিয়ে পরিমাণ বাড়ানোর প্রমাণ পাওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স।
অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
