স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা জুড়ে পেট্রোল পাম্পগুলোতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে র্যাব-৬ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নির্দেশনায় বুধবার বিকেলে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে এ অভিযান চালানো হয়।
সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পাম্প মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মোটরসাইকেলের ক্ষেত্রে চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে হালনাগাদ ফিটনেস সনদ থাকলেই কেবল জ্বালানি তেল সরবরাহ করতে বলা হয়েছে। কোনো ত্রুটিপূর্ণ বা কাগজপত্রবিহীন যানবাহনে তেল সরবরাহ করলে সংশ্লিষ্ট পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
অভিযান চলাকালে সড়কে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ফুয়েল ট্যাংক থেকে অবৈধভাবে তেল বের করার প্রমাণ পাওয়া গেলে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করায় এবং প্রথমবার অপরাধ বিবেচনায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
পরে মেসার্স মনির উদ্দিন আহম্মদ পেট্রোল পাম্প পরিদর্শন করে সংশ্লিষ্টদের সচেতন করা হয়। পাম্প মালিক ও চালকদের উদ্দেশ্যে জানানো হয়, প্রতিটি গাড়ির বৈধ কাগজপত্র যাচাই করেই যেন জ্বালানি সরবরাহ করা হয়। জনসচেতনতা বৃদ্ধিতে পাম্পে লিফলেট ও নির্দেশনাও টাঙানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর ফজলে রাব্বি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় জেলা পুলিশ ও র্যাবের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনা রোধ এবং জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। আইন অমান্য করে তেল বিক্রি করলে পাম্পের লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
