ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে যশোরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
স্বাধীন কন্ঠ ডেস্ক
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোর পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পুকুরে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় যশোর পৌর এলাকায় এ কর্মসূচি শুরু হয়েছে।
তিনি বলেন, আমরা যদি আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে পারি, তাহলে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ কার্যক্রমকে শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
জেলা প্রশাসন ও যশোর পৌরসভার সহযোগিতায় যশোর ইনস্টিটিউট এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।























