ডেঙ্গু প্রতিরোধে যশোরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
দেশে ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিট। সোমবার সকালে যশোর শহরের ঘোপ ৩ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
যশোর ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুকুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
সমাজসেবামূলক এই কার্যক্রমে রেড ক্রিসেন্টের প্রায় ৪৫ জন উদ্যমী তরুণ-তরুণী স্বেচ্ছাসেবক অংশ নেন। তারা ঘোপ ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাসাবাড়ি ও সড়কে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার সংবলিত লিফলেট বিতরণ করেন এবং সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
স্বেচ্ছাসেবকরা এলাকাবাসীকে জানান, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র, ড্রাম, বালতি কিংবা ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বিতরণকৃত লিফলেটে ডেঙ্গু প্রতিরোধে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, অপ্রয়োজনীয় ও পানি জমে থাকার মতো পাত্র ধ্বংস করা বা উল্টে রাখা এবং দিন কিংবা রাত ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ এবং এটি প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। তবে শুধু ব্যক্তিগত সচেতনতাই যথেষ্ট নয়, ডেঙ্গুমুক্ত সমাজ গড়তে সামাজিক উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
তারা ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।























