মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বাধীন কন্ঠ ডেস্ক
সাংবাদিকদের নির্ভয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আপনাদের কাছে আহ্বান, যে খারাপ কাজ করবে তাকে খারাপ বলবেন, যে ভালো কাজ করবে তাকে বাহবা দেবেন। মনে রাখবেন, মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র।”
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে এক মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “সাংবাদিকরা নির্ভয়ে সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব।” এ সময় সত্য সংবাদ প্রকাশ করায় দেশজুড়ে বিভিন্ন সময়ে সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। গণতন্ত্রের সফলতা অনেকাংশেই নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, বরং কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন ফুটিয়ে তুলতে হবে, তেমনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও নির্ভয়ে কলম ধরতে হবে।
সরকারের আঞ্চলিক উন্নয়ন ও নির্বাচনি প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ইতিমধ্যে ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি দেশ পরিচালনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই কমিটি গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবে এবং প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


























