তেহরানে বাংলাদেশ ও ইরানের স্পিকারের বৈঠক: আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ
স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ইরানের রাজধানী তেহরানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আসা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বৈঠকের শুরুতেই স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি জাতীয় শোকের এই কঠিন সময়ে ইরান সরকার ও সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ সরকার এবং সাধারণ জনগণের পক্ষ থেকে গভীর সংহতি ও সমবেদনা প্রকাশ করেন। একই সাথে স্পিকার ইরান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান শতাব্দী প্রাচীন ঐতিহাসিক বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক মেলবন্ধন এবং দুই দেশের মানুষের মধ্যকার সুদৃঢ় সম্পর্কের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন।
বৈঠকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি ভূ-রাজনৈতিক পরিস্থিতিও স্থান পায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক সহজতর করার ক্ষেত্রে ইরানি স্পিকার গালিবাফের গঠনমূলক ও দূরদর্শী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের স্পিকার। তিনি আশা প্রকাশ করে বলেন, এই চুক্তি ইরানের জনগণ এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।
চলমান এই আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সকল অমীমাংসিত ইস্যুগুলোর একটি টেকসই সমাধান অর্জনে সংশ্লিষ্ট সকল পক্ষ এই ইতিবাচক গতিবেগকে কাজে লাগাবে।
বৈঠকের শেষ পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্য ও শোকানুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গতকালই তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই বাংলাদেশ প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।



























