স্বাধীন কন্ঠ ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নতুন অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত পুনর্বিবেচনাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৯ জুলাই) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এসব দাবি পেশ করে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দলের অবস্থান ও বিভিন্ন দাবি তুলে ধরেন।
দলটির অভিযোগ, নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত সচিব মো. সামসুল আলম বিএনপির নির্বাচনী আসন পুনর্নির্ধারণ কমিটির সদস্য ছিলেন। একটি সাংবিধানিক ও স্বতন্ত্র প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিসংশ্লিষ্ট কাউকে নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়।
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও সংবিধান প্রদত্ত নাগরিক অধিকারের পরিপন্থী হিসেবে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানায় দলটি।
যেসব রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেসব দলের পদধারী নেতাদের নির্বাচন করার সুযোগ বন্ধের দাবি জানানো হয়।
বর্তমানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে যেসব রাজনৈতিক ব্যক্তি বা প্রশাসক দায়িত্ব পালন করছেন, তাদের নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করার দাবি জানায় জামায়াত।
বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ব্যক্তিকে ইসির মতো সংবেদনশীল জায়গায় বসানো হয়েছে। ইসি আমাদের জানিয়েছে, নিয়োগটি সরকার দিয়েছে এবং ওই কর্মকর্তার রাজনৈতিক পরিচয়ের বিষয় তাদের জানা ছিল না। কিন্তু ইসি চাইলে এ বিষয়ে সরকারের কাছে আপত্তি জানাতে পারত। এতে কমিশনের অক্ষমতা ও অসহায়ত্ব প্রকাশ পেয়েছে।
তিনি আরও যোগ করেন, ইসি একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তাদের দায়িত্ব পালনে সীমাবদ্ধতার কথা তারা প্রকাশ করেছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দীন সরকার এবং আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

Reporter Name 
























