নিজস্ব প্রতিবেদক
ভারতের কাছ থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি পরিমাণে জ্বালানি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, আমার সঙ্গে এর আগে অনেক দেশের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে এটিও সেরকম একটি রুটিন মিটিং ছিল। ভারতের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।
ভারতের কাছ থেকে ডিজেল আমদানির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ভারতের সাথে আমাদের একটি পাইপলাইন সংযোগ রয়েছে, যেখান থেকে ডিজেল আসে। সেই পাইপলাইনের মাধ্যমে যেন আরও বেশি পরিমাণে ডিজেল সরবরাহ করা হয়, সে বিষয়ে তাঁদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।”
সাম্প্রতিক লোডশেডিং প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী স্পষ্ট করেন যে, মূলতঃ গ্যাসের তীব্র সংকট থাকায় বেশ কিছু পাওয়ারপ্ল্যান্ট বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে নতুন করে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালু করা হচ্ছে, যা পরিস্থিতির উন্নতি ঘটাবে।
একই সাথে ভূতুড়ে বিল প্রসঙ্গে অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, বিলসংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে পর্যালোচনা করতে চাইলে গ্রাহকরা আসেন না। সম্প্রতি এক সাংবাদিকের ফেসবুক পোস্টের সূত্রে করা তদন্তের উদাহরণ টেনে তিনি জানান, অনুসন্ধানে দেখা গেছে সেখানে অতিরিক্ত এসিসহ একাধিক ভারী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহৃত হতো, যার প্রেক্ষিতে বিলের পরিমাণ স্বাভাবিক ছিল।
এছাড়া, চলতি বছরের জুন মাস থেকে বিদ্যুতের দাম পুনঃনির্ধারণ/বৃদ্ধি করা হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

Reporter Name 























